যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া গত সোমবার রাতে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো ওই হামলায় আরো অন্তত ৫৯ ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সারাবিশ্বে। ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নেয়া সবগুলো রাজনৈতিক দল।
এ ঘটনায় শোক প্রকাশ করে টুইটারে আরিয়ানা গ্র্যান্ডে লিখেছেন, ‘আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি।’
IMG0
টুইটারে তার বন্ধুরাও গভীর সমবেদনা জানিয়েছেন। আরিয়ানা গ্র্যান্ডের সহশিল্পী নিকি মিনাজ টুইটার বার্তায় বলেন, ‘ঘটনাটি আমাকে অসম্ভব আঘাত করেছে। আমার বোন আরিয়ানার জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। কষ্ট হচ্ছে নিরপরাধ মানুষগুলোর জন্য। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।’
বন্ধু ‘আরি’র জন্য সমবেদনা ফুটে উঠেছে টেইলর সুইফট ও কেটি পেরির টুইটার বার্তায়। টেইলর সুইফটের বার্তাটি ছিল, ‘আমি হতাহত ব্যক্তিদের জন্য প্রার্থনা ও কান্না করছি। সমবেদনা তাদের পরিবারের প্রতি। সবার প্রতি আমার গভীর ভালোবাসা।’ কেটি পেরি বলেন, ‘হৃদয় ভেঙে যাচ্ছে পরিবারগুলোর জন্য, হৃদয় ভেঙে যাচ্ছে আরির জন্য।’
IMG1
এদিকে প্রথমে শুধু কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট এবং স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নির্বাচনী প্রচারণা স্থগিত ঘোষণা করলেও সর্বশেষ এই সিদ্ধান্তের সঙ্গে যোগ দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের প্রধান বিরোধী দল লেবার পার্টি।
লেবার পার্টির প্রধান জেরেমি করবিন জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে আলোচনা করেই সবগুলো দল সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত ৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের সব ধরণের প্রচারণা কার্যক্রম বন্ধ থাকবে।
IMG2
করবিন তাঁর টুইটার প্রতিক্রিয়ায় জানান, ‘ম্যানচেস্টারের ভয়ংকর ঘটনা ঘটেছে, আমার সমবেদনা, যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে তাদের জন্য। অসাধারণ ভূমিকা রেখেছে আমাদের জরুরি সেবা।’
যুক্তরাজ্যের জরুরি সেবার সাহসী ভূমিকার প্রশংসা করে টুইট করেছেন ম্যানচেস্টার ও লন্ডনের মেয়র। ম্যানচেস্টারের নবনির্বাচিত মেয়র অ্যান্ডি বার্নহাম টুইটার বার্তায় বলেন, ‘আমার হৃদয় ভেঙে যাচ্ছে—যারা স্বজন হারিয়েছেন, তাঁদের জন্য। প্রশংসা করছি আমাদের সাহসী জরুরি সেবাকর্মীদের। আমাদের এই অসাধারণ শহরের জন্য এটি একটি ভয়ংকর রাত।’
IMG3
লন্ডনের মেয়র সাদিক খান টুইট করেন, ‘লন্ডন ম্যানচেস্টারের পাশে রয়েছে। যারা নিহত হয়েছে ও আহত হয়েছে, তাদের জন্য আমরা শোকাহত।’ বিবিসি, সিএনএন, রয়টার্স।
ইত্তেফাক/সেতু