বগুড়ার ধুনট উপজেলায় গরু বোঝাই একটি ভটভটির চাকায় পিষ্ট হয়ে উরমি খাতুন (৭) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত উরমি খাতুন উপজেলার বানিয়াগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে এবং এনজিও পরিচালিত স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বানিয়াগাতি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা বাওইখোলা গ্রামের মিল্টন মিয়া (৩২) গরু বোঝাই একটি ভটভটি নিয়ে নিজ গ্রাম থেকে চান্দাইকোনা হাটে যাচ্ছিল। পথিমধ্যে বানিয়াগাতি বাজার এলাকায় দ্রুত সড়ক পার হওয়ার সময় সে ভটভটির চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভটভটি চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর