উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

 
সাত দফা দাবিতে উত্তরাঞ্চলের টানা ৭২ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। ৫৩ ঘণ্টা পর এই স্থগিত করা হয়। উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আকন্দ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আব্দুল মান্নান আকন্দ জানান, সকাল থেকেই বগুড়া জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে দফায় দফায় অলোচনা হয়। এসময় প্রশাসনের পক্ষ হতে সাত দফা দাবি মেনে নেয়ার আশ্বাসের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টা হতে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে গত ১৩ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ সহ পরিবহনের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহার সহ সাত দফা দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলা জুড়ে রবিবার সকাল ৬টা হতে প্রথমে ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন ধর্মঘট পালন শুরু করে উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
 
কিন্তু তারপরেও সরকারের প্রশাসনের পক্ষ থেকে কোন আলোচনা না করায় সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার ধর্মঘট আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এদিকে এই ধর্মঘটের ফলে শত শত পণ্য বোঝাই  ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ আটকা পড়ে। কাঁচামাল নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। সবজির বাজারে ধস নামে। কৃষকের হাহাকার উঠে। ধর্মঘট প্রত্যাহারের ফলে সকলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
 
ইত্তেফাক/জামান