মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা এবং পুলিশ সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে টেলিভিশন অভিনেত্রীর বিরুদ্ধে। সোমবার রাতে মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় ঘটনাটি ঘটে। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অভিনেত্রীর নাম রুহি শৈলেশকুমার সিং। বয়স ৩০। তিনি মদ খেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। সে জন্যই এই দুর্ঘটনা ঘটে। রুহির গাড়ির ধাক্কায় ৪টি দু-চাকার গাড়ি ও তিনটি ৪ চাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেই শেষ নয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে রুহি ও তার দুই বন্ধু পুলিশের উপর পাল্টা চড়াও হয়।
আরো পড়ুন: পর্যটকদের প্রবেশ বন্ধ করতে যৌনকর্মীদের প্রতিবাদ
পুলিশ আরো জানান, ওইদিন রুহিও তার চার বন্ধু একটি মুম্বাইয়ের একটি বার থেকে ফিরছিলেন। মাঝ রাস্তায় তারা একটি শপিং মলের সামনে গাড়ি থামিয়ে টয়লেট ব্যবহার করতে যান। শপিং মলের কর্মীরা রুহি ও তার বন্ধুদের বাধা দিলে তারা দুর্ব্যবহার করেন। শপিং মলের নিরাপত্তারক্ষীরা নিকটবর্তী খার থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে রুহি ও তার বন্ধুরা পুলিশ সদস্যদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে রুহির দুই বন্ধু পুলিশকে চড়-থাপ্পড় মারেন। ঘটনার সঙ্গে সঙ্গে রুহির ওই দুই বন্ধু স্বপ্ননীল সিং ও রাহুল সিং-কে গ্রেফতার করে পুলিশ।
এরপর রুহি ও তার আরও দুই বন্ধু শপিং মল থেকে বের হয়ে আসেন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে রাস্তার ৭টি গাড়িতে ধাক্কা মারেন। এদিকে রাস্তায় রুহির গাড়ি ঘিরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনের সঙ্গে অভিনেত্রীকে খারাপ ব্যবহারও করতে দেখা যায়। অভিনেত্রীর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ইত্তেফাক/বিএএফ