পাবনার সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১৬ ছাত্রী গতকাল সোমবার হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়ার পর মঙ্গলবার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আরো ২০জন ছাত্রী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ছয় ছাত্রীকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে ক্লাস চলাকালে প্রচণ্ড দাবদাহে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ২০ ছাত্রী পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় অসুস্থ ছাত্রীদেরকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নিখিল কুমার সাহা জানান, মেয়েদের স্নায়ু দুর্বল। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ কম। সেকারণে ওই সকল ছাত্রীরা প্রচণ্ড তাপদাহে অসুস্থ হয়ে পড়েছে। তবে এতে আশঙ্কার কিছু নেই। সাধারণ চিকিৎসায়ই তারা ভাল হয়ে যাবে।
ইত্তেফাক/জামান