জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় 'গাহি সাম্যের গান' মঞ্চে পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ট্রেজারার প্রফেসর এএম এম শামসুর রহমান, কবি নাতনি খিলখিল কাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহবুব হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
এসময় নজরুল গবেষণায় অবদানের জন্য বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. রাজিয়া সুলতানা ও ভারতের বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং নজরুল সংগীতে অবদানের জন্য শিল্পী ফেরদৌস আরা'কে 'নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা' প্রদান করা হয়।
ইত্তেফাক/জামান