ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরসহ আরও তিনজনের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীর বাবা ধর্ষণ মামলা করেছেন। তবে এতে এখনো কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।
ঘটনার প্রায় চার মাস পর ওই ছাত্রীর বাবা গত ১৫ মে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, 'আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ।' তার বাবার অভিযোগ, 'আসামীরা নানাভাবে হুমকি দিচ্ছে। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় পরিবারটি। এদিকে ধর্ষণের পর থেকে কলেজছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।'
মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা অব্যাহত আছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শহরের ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। মেয়ের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট চাওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ১১ জানুয়ারি সকালের দিকে ওই ছাত্রী ময়মনসিংহ শহরে বোনের বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় হবিরবাড়ির মাইন উদ্দিন মণ্ডলের ছেলে আলমগীর কবির (২৪), মোর্শেদের ছেলে তুষার (২৬) ও মোখলেছ (২৫) অজ্ঞাত আরো দুই/তিনজন তাকে অপহরণ করে। আসামিরা ঐ ছাত্রীকে অজ্ঞাতস্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ইত্তেফাক/জামান