অনিবন্ধিত সিম দিয়ে ব্যাংক হিসাব, বিপাকে শিক্ষার্থীরা

 
সুনামগঞ্জ জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও  স্নাতক শ্রেণির উপবৃত্তি গ্রহণকারী কোন কোন শিক্ষার্থী ব্যাংকে হিসাব খোলার সময় অনিবন্ধিত সিম ব্যবহার করায় এখন টাকা তুলতে বিপাকে পড়েছে। অনিবন্ধিত সিম গত বছরের ৩১মে থেকে নিষ্ক্রিয় হতে শুরু হওয়ায় উপবৃত্তি গ্রহণকারী এসব শিক্ষার্থী টাকা তুলতে পারছে না।
 
সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনের গ্রামীণ ফোন সেন্টারে কর্মরত দীপংকর রায়, জাফর আহমদ, জাহেদা আক্তার ফাল্গুনি ও রায়হানা চৌধুরী জানান, প্রতিদিনই দুই-তিনজন শিক্ষার্থী তাদের কাছে এমন সমস্যা নিয়ে আসছে। গত বছরের ৩১ মে থেকেই এমন সমস্যা হচ্ছে। ৬-৭ মাস হয় প্রতিদিনই ১-২ জন শিক্ষার্থী বা অভিভাবক এসে জানাচ্ছেন উপবৃত্তি'র টাকা ডাচ বাংলা ব্যাংকে  (মোবাইল ব্যাংকিং শাখায়) এসে জমা হয়েছে। কিন্তু সিম কার্যকর না থাকায় টাকা তুলতে সমস্যা হচ্ছে। এরা জানান, সমস্যায় পড়া শিক্ষার্থীদের বেশিরভাগই গ্রাম এলাকার।
 
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও জানালেন, তাদের কাছেও কিছুদিন হয় এমন সমস্যার কথা কেউ কেউ গিয়ে জানাচ্ছেন। ডাচ-বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখার সিনিয়র কমপ্লায়েন্স অফিসার আশরাফ হোসেন বলেন, 'সুনামগঞ্জের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক শ্রেণির ৩৮ হাজার শিক্ষার্থী'র হিসাব খোলার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বলা হয়েছে, তারা যেন রেজিস্টার্ড সিম দিয়ে হিসাব খোলে। বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা এই নির্দেশ মান্য করেছে। রেজিস্টার্ড সিম ছাড়া খুবই কম সংখ্যক শিক্ষার্থী হিসাব খুলেছে। যারা এই ভুল করেছে, তাদের সিম হয়তো স্বয়ংক্রিয়ভাবেই নিষ্ক্রিয় হয়ে গেছে। তবে এ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই। যাদের এমন হয়েছে, তারা নতুন হিসাব খুলে পুরাতন হিসাব থেকে টাকা ট্রান্সফারের আবেদন করতে পারে।
 
ইত্তেফাক/জামান