বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেডকে মাইক্রোসফট সল্যুউশনস সেবা দিতে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে মাইক্রোসফট বাংলাদেশের লাইসেন্সিং সল্যুউশনস পার্টনার (এলএসপি) ইজেনারেশন লিমিটেড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ এবং ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কয়েক মিলিয়ন ডলারের এই চুক্তি স্বাক্ষর করেন।
এ বিষয়ে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, 'উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতিকে রবি সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। রবি সবসময় স্থানীয় কোম্পানির সাথে অংশীদারিত্ব গড়তে ও একসঙ্গে এগিয়ে যাওয়াকে প্রাধান্য দেয়'।
বাংলাদেশের প্রথম সফটওয়্যার কোম্পানি হিসেবে আইপিওতে যাওয়ার প্রক্রিয়াধীন কোম্পানি ইজেনারেশন লিমিটেড সর্বশেষ প্রযুক্তি যেমন ব্লকচেইন, ডাটা অ্যানালাইটিক্স, এআই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে প্রধানত কাজ করছে। প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, উগান্ডা, জাপান, কানাডা, ডেনমার্ক, ফিলিপাইন, সৌদি আরব, ভারতসহ সমগ্র বিশ্বে অসংখ্য গ্রাহক রয়েছে।
ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, 'রবির মত এ ধরনের বড় প্রকল্প এতদিন আন্তর্জাতিক বড় কোম্পানিগুলো বাস্তবায়ন করতো। কিন্তু সর্বশেষ প্রযুক্তিতে সক্ষমতা তৈরি এবং আন্তর্জাতিকমানের সেবার মাধ্যমে ইজেনারেশন এই প্রবনতাকে পাল্টে দিয়েছে। আন্তর্জাতিক বড় কোম্পানিগুলো রবির মতো এ ধরণের প্রকল্প বাস্তবায়ন করছে'।
আরও পড়ুন: নারীকণ্ঠ করে ফেসবুকে প্রতারণা, আটক তিন যুবক
অপরদিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি রবির টেলিকম খাতে শক্তিশালী অবস্থান রয়েছে। মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল, ভুটান ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির অনুষ্ঠানে মাইক্রোসফট কীভাবে ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং মেশিন লার্নিয়ের মাধ্যমে বিশ্বব্যাপী টেলিকম অপারেটরদের জন্য সল্যুউশন তৈরি করতে পার্টনারদের সঙ্গে কাজ করছে সেটি তুলে ধরেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল, ভুটান ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, রবির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ সোলাইমান রাসেল, মাইক্রোসফট বাংলাদেশের কর্পোরেট অ্যাকাউন্টস লিড জিয়াউল হক মল্লিক, ইজেনারেশন গ্রুপের হেড অব অপারেশনস এমরান আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ জেডএইচডি