পরিচালক সমিতির নায়করাজ রাজ্জাকের প্রতি দুঃখ প্রকাশ

 
গতকাল বিএফডিসিতে পরিচালক সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটে যাওয়া ‘অপ্রীতিকর’ ঘটনা  প্রসঙ্গ টেনে সমিতির সভাপতি বলেন, ‘বিএফডিসিতে সেদিনের সে ঘটনা অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে। এতে রাজ্জাক সাহেবের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক হয়নি। এটা আমাদের নয়, আমার মতামত। আমরা আগামীকাল একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা শ্রদ্ধেয় নায়করাজের সঙ্গে যোগাযোগ করেছি। সেখানে তিনি উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে এলে সব মিটমাট হয়ে যাবে বলে আশা করি।’
 
সমিতি জানায়, আগামীকাল ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হবে। এটির আয়োজক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সেখানেই নায়করাজের উপস্থিত থাকার কথা রয়েছে।
 
আজকের সংবাদ সম্মেলনে আলোচিত মহাসচিব বদিউল আলম খোকনও উপস্থিত ছিলেন। অন্যদিকে নায়করাজ রাজ্জাক আদৌ আগামীকাল অনুষ্ঠিতব্য বিশেষ এই অনুষ্ঠানে অংশ নেবেন কি-না এ বিষয়ে রাজ পরিবার থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/আনিসুর