যুক্তরাজ্যে সর্বোচ্চ সতর্কতা, নামানো হচ্ছে সেনাবাহিনী

 
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার পর আরো হামলার আশঙ্কায় সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মে। সন্ত্রাসী হামলার হুমকি সংক্রান্ত সতর্কতার মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ‘ক্রিটিক্যাল’ বলে ঘোষণা করা হয়েছে।
 
টেরিজা মে বলেছেন, শঙ্কার মূল কারণ, সন্দেহভাজন হামলাকারী সালমান আবেদি একাই হামলা চালিয়েছে, না এর পেছনে আরো মানুষ সক্রিয় রয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
 
সেই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নেয়া হয়েছে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। নিরাপত্তার ক্ষেত্রে সশস্ত্র পুলিশকে সহযোগিতা করতে ‘অপারেশন টেম্পেরার’ নামে সেনা বাহিনীর ইউনিট নামানো হচ্ছে বলে জানানো হয়েছে।
 
এদিকে, সোমবারের কনসার্টে যে ব্যক্তি আত্মঘাতী হামলা করেছিল ইতোমধ্যেই তার পরিচয় প্রকাশ করা হয়েছে। লিবীয় বংশোদ্ভূত ২২ বছর বয়সী সালমান আবেদি ম্যানচেস্টার শহরেই জন্মেছেন ও বেড়ে উঠেছেন।
 
ইত্তেফাক/এএম।