দুতের্তের মাদকবিরোধী অভিযানের প্রশংসা ট্রাম্পের

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখায় দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বেশ প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেশটিতে মাদক সংক্রান্ত সংঘাতে হাজার হাজার লোক নিহত হয়। মঙ্গলবারের এক প্রতিবেদনে এখবর জানাচ্ছে বার্তা সংস্থা এএফপি।
 
গত ২৯ এপ্রিল টেলিফোনে আলাপকালে মাদক নির্মূলে অবিশ্বাস্য রকমের কাজ করে যাওয়ায় দুতের্তেকে অভিনন্দন জানান ট্রাম্প। ওই ফোনালাপে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর বেশী গুরুত্ব দেয়া হয়।
 
এসময় ট্রাম্প দুতের্তেকে একজন ভালোমানুষ উল্লেখ করে যেকোনো সময় তাকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান। উল্লেখ্য, আগামী নভেম্বরে ফিলিপাইনে এ দু’নেতার বৈঠক করার কথা রয়েছে।
 
ট্রাম্প বলেন, ‘বিশ্বের অনেক দেশেই মাদক সমস্যা রয়েছে। আমাদের দেশও এই সমস্যায় জর্জরিত। কিন্তু দেশ থেকে মাদক নির্মূলে আপনি যে বিশাল কাজ করছেন আমি কেবল তাই বলতে চাইছি।’ ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরে এসব কথা বলা হয়।
 
ট্রাম্পের কথার জবাবে মাদকের ব্যাপারে দুতের্তে বলেন, ‘এটি আমাদের দেশকে শেষ করে দিচ্ছে। তাই ফিলিপিনো জাতির জন্য আমি কিছু করে যেতে চাই।’
 
উল্লেখ্য, গত জুনের শেষ নাগাদ দেশের দায়িত্ব নিয়েই দ্রুত মাদক বিরোধী অভিযান শুরু করেন দুতের্তে। পুলিশ জানায়, এসময়ের পর থেকে দেশটিতে মাদক সংক্রান্ত বিভিন্ন অভিযানে প্রায় ২ হাজার ৭শ’ লোক প্রাণ হারায়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু