ধুনটে ধান পরিষ্কার ফ্যানে কাটা পড়ে গৃহবধূ নিহত

 
বগুড়ার ধুনট উপজেলায় ধানের ময়লা পরিষ্কারের কাজে ব্যবহৃত ফ্যানে কাটা পড়ে পারুল বেগম (৮০) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত পারুল বেগম ধুনট উপজেরার সরুগ্রামের আজিজার রহমান সাকিদারের স্ত্রী। বুধবার সকাল ৬টার দিকে নিহতের নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে শ্যালো মেশিন চালিত ফ্যান দিয়ে বোরো ধানের ময়লা পরিষ্কারের কাজ করছিলেন ওই বাড়ির কয়েকজন নারী। এ সময় বাড়ির গৃহবধূ পারুল বেগম ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের কাছে দাঁড়িয়ে ধান পরিষ্কারের কাজে ব্যস্ত নারীদের সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। কিন্তু সতর্কতার পরামর্শ দিতে গিয়ে সেই ফ্যানের পাখার আঘাত লাগে পারুল বেগমের গলায়। তাৎক্ষনিকভাবে গলা কেটে ঘটনাস্থলেই পারুর বেগমের মৃত্যু হয়। 
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুন্ড বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। পারুল বেগমের মৃতদেহ দাফনের জন্য নিহতের স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/কেকে