ফরিদপুরের মধুখালীতে মা-বাবার ভরণ-পোষণ মামলায় বিবাদী পুত্র সেলিম সরদার(৩৫) কে প্রতিমাসে এক হাজার ৫০০ টাকা করে মা-বাবাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার ফরিদপুরের ৪নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক মো. সুমন হোসেন এ আদেশ দেন।
মামলার বাদী জহুরা বেগমের আইনজীবী মানিক কুমার মজুমদার জানান, সমন পেয়ে গতকাল মঙ্গলবার সেলিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত ১হাজার টাকা জামিননামায় জামিন মঞ্জুর করেন এবং মামলা চলাকালে মায়ের ভরণ-পোষণের জন্য প্রতিমাসের ২৫ তারিখের মধ্যে মায়ের হাতে এক হাজার ৫০০ টাকা করে দেওয়ার নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, জানুয়ারিতে সেলিম পিতা-মাতার ভরণ-পোষণ না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। আয়-উপার্জনহীন পিতা-মাতা পুত্র সেলিমের কাছে প্রতি দিন মাত্র ৫০ টাকা করে ভরণ-পোষণ দেওয়ার দাবী করলে সেলিম তা দিতে অস্বীকার করেন। পরবর্তী সময়ে জোহুরাবেগম সেলিমের বিরুদ্ধে গত ১৭ এপ্রিল ভরণ-পোষণের দাবীতে মামলা করেন।
এ বিসয়ে ১৯ এপ্রিল দৈনিক ইত্তেফাকের শেষ পাতায় ‘ভরণ-পোষণের দাবীতে মায়ের মামলায় ছেলের নামে সমন জারি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর