ময়মনসিংহে মুক্তাগাছায় পূর্ব শত্রুতার জের ধরে হাফিজুর রহমান নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।পুলিশ তাৎক্ষণিক মোয়াজ্জেম নামে হত্যাকারীকে গ্রেফতার করেছে। বুধবার বেলা ১২ টার দিকে দাওগাঁও ইউনিয়নের রাজাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা লোকমান হোসেনের ছেলে।
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, ঘটনার সময় হাফিজুর রহমান পোড়াবাড়ি বাজারে অবস্থান করছিলো। হঠাৎ মেয়াজ্জেম ধারালো দা দিয়ে পেছন থেকে তার ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হত্যাকারী মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ধারালো দা উদ্ধার করা হয়েছে। মোয়াজ্জেম বালিয়াপাড়া গ্রামের সুলতানের ছেলে।
থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা এবং মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে