চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভী দোকান এলাকায়।
রিকশার গ্যারেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানগুলো পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানান, মঙ্গলবার রাত দেড়টার সময় মোহাম্মদ আবুর রিকশার গ্যারেজ এ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মুদি, গাড়ির পার্টস, ফার্নিচার, রাইচমিল ও পানের দোকানঘরের মালিকরা হলেন আবদুস শুক্কুর, মোহাম্মদ বেলাল, আবদুল আজিজ, হেলাল উদ্দিন, মোহাম্মদ আলী, মোহাম্মদ ফরিদ, মহরম আলী, মোহাম্মদ আবু, আবদুল মন্নান, আহমদ শফি ও সুমন তালুকদার। অগ্নিকাণ্ডে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অন্যান্য দোকানগুলো রক্ষা করেন বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস ইত্তেফাককে জানান।
ইত্তেফাক/কেকে