উ. কোরিয়ার নেতা কিম জং-উন উন্মাদ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ে মত্ত থাকা উত্তর কোরীয় নেতা কিম জং-উনকে উন্মাদ বলেছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প উনকে উন্মাদ বলেন। 
 
ট্রাম্প ও দুতের্তের ফোনালাপ নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়। হোয়াইট হাউস জানায়, ট্রাম্প ও দুতের্তের মধ্যে ২৯ এপ্রিলের ফোনালাপ অনেক বন্ধুত্বপূর্ণ ছিল। এদিকে এ কথোপকথনের মাত্র কয়েকদিন পর ট্রাম্প প্রকাশ্যে বলেন, কিমের সঙ্গে সাক্ষাত করতে পারলে তিনি গর্বিত হবেন।
 
কিন্তু ওই টেলিফোন আলাপে ট্রাম্প কোরীয় উপদ্বীপে উত্তেজনা নাটকীয় মোড় নিতে পারে বলেও আভাস দেন। গত মাসে পেন্টাগন দু’টি পরমাণু ডুবোজাহাজ কোরীয় উপদ্বীপে পাঠিয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘পারমাণবিক অস্ত্র নিয়ে মত্ত থাকা এক পাগলের কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না। আমাদের কাছে তার চেয়ে প্রায় ২০ গুণ বেশী শক্তিশালী অস্ত্র থাকলেও আমরা তা ব্যবহার করতে চাই না।
 
কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানে চীনের সক্ষমতার কথা উল্লেখ করে ট্রাম্প শি জিনপিংয়ের ওপর চাপ দিতে দুতের্তের প্রতি আহ্বান জানান। ট্রাম্প বলেন, আমি আশা করি চীন এই সমস্যার সমাধান করতে পারবে। সত্যিকার অর্থেই চীনই পারবে কারণ উত্তর কোরিয়া পরমাণু সংক্রান্ত অনেক সহায়তা বেইজিংয়ের কাছ থেকেই পেয়েছে। তিনি আরো বলেন, চীন যদি না করে তবে আমরাই তা করবো। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির