স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী দল আবাহনী। কর্পোরেট দুনিয়ার সফল ব্যবসায়ীদের ক্রিকেট আবেগের নজির হয়ে ক্লাব ক্রিকেটে টিকে আছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দুর্দান্ত ক্রিকেট খেলা ক্লাবটি এখন প্রতিষ্ঠিত শক্তি। প্রিমিয়ার লিগের শেষ ২-৩ আসরে আবাহনী-প্রাইম দোলেশ্বরের লড়াই বেশ জমজমাট হয়েছিল। পরস্পর সমানতালেই লড়েছিল ক্লাব দুটি।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে দেখা হচ্ছে দুই দলের। আজ প্রিমিয়ার লিগের দিনের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী ক্রীড়াচক্র খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাব। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল নয়টায়।
আট ম্যাচের সাতটি জিতে শীর্ষে আছে আবাহনী। সমান সংখ্যক ম্যাচে ছয়টি জয় প্রাইম দোলেশ্বরের। জাতীয় দলের তারকা ক্রিকেটারে ঠাসা আবাহনী আজ নিশ্চিতভাবেই জয় তুলে এগিয়ে থাকতে চাইবে। অন্যদিকে প্রাইম দোলেশ্বরের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে জয় চাই তাদের। তাতে করে আবাহনীর সঙ্গে নিজেদের ব্যবধানটা যেমন কমে আসবে, তেমনি ট্রফি জয়ের লড়াইটাও জমে যাবে।
সন্দেহাতীতভাবে আজকের ম্যাচে শক্তিমত্তায় আবাহনীই এগিয়ে থাকছে। দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত অবশ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই আশা করছেন। গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে মোসাদ্দেক বলেছেন, ‘এখানে এক দুইটা নতুন দল ছাড়া বাকি সব দলই কিন্তু অভিজ্ঞ দল। ভালো ভালো ক্রিকেটাররা প্রত্যেক দলে আছে। এখানে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট হবে এটাই স্বাভাবিক।’
তবে মোসাদ্দেকের বিশ্বাস, আজ প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে নিজেদের সামর্থ্যের ৮০ ভাগ খেলতে পারলেই ম্যাচ জিতে যাবে আবাহনী। গতকাল তিনি বলেছেন, ‘ওরা (দোলেশ্বর) দল হিসেবে খুব ভালো খেলছে, এতে কোনো বিতর্ক নেই। আমরা দল হিসেবে কেমন করছি সেটাও সবাই দেখছে। আসলে ওদেরকে নিয়ে নতুন করে ভাবার কিছু নেই। আমাদের যেই সামর্থ্য আছে, সবাই যদি ৮০ ভাগও দিতে পারে তাহলে আমরা সহজেই ম্যাচ থেকে বের হতে পারব।’
আবাহনী শিবিরে কিছুটা ইনজুরির ধাক্কা রয়েছে। আজকের ম্যাচে রুবেল হোসেন, সাইফউদ্দিন, মিঠুনরা খেলবেন কিনা তা স্পষ্ট করে বলেননি মোসাদ্দেক।
আবাহনীর মতোই গতকাল বিসিবি একাডেমি মাঠে সকাল থেকে দুপুর অব্দি অনুশীলন করেছে প্রাইম দোলেশ্বর। আবহনীর বিরুদ্ধে আজকের ম্যাচটার গুরুত্ব ভালো করেই উপলব্দি করতে পারছেন পেস বোলার আবু জায়েদ রাহী। গতকাল অনুশীলন শেষে দোলেশ্বরের এই বোলার বলেছেন, ‘আবাহনীর বিপক্ষে আসলে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের দল আবাহনীর সাথে সবসময় ভালো করে, এই জন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা যদি আমরা জিততে পারি, তাহলে শিরোপা পাওয়ার জন্য আমরা এগিয়ে থাকব।’
আবাহনীর বিপক্ষে দলের সবার মাঝেই বাড়তি কিছু করার চেষ্টা থাকে বলে জানালেন আবু জায়েদ রাহী। তিনি বলেছেন, ‘আবাহনীর সাথে সবাই একটু বাড়তি কিছু দিতে চেষ্টা করে। আমার ক্ষেত্রেও এরকম। আবাহনীর সাথে একটু ভালো খেলার চেষ্টা করব। ভালো খেললে ফোকাসটা বেশি থাকে।’
ব্যাটিংয়ে ওপেনার সাইফ হাসান, ব্যাটিং- বোলিংয়ে দলকে টানছেন অলরাউন্ডার ও অধিনায়ক ফরহাদ রেজা। সববিভাগে ভারসাম্য ও ধারাবাহিকতাই আবাহনীর বিরুদ্ধে আত্মবিশ্বাস যোগাচ্ছে দোলেশ্বরকে।