আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির গুলশান কার্যালয় হচ্ছে আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ পোড়ানোর প্রতীক। এই কার্যালয় থেকে বেগম খালেদা জিয়া ২০১৫ সালে ৯৩ দিন সারাদেশে মানুষ পোড়ানোর ও পেট্রোল বোমা নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। বলেও মন্তব্য করেন তিনি।
‘বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার নেত্রী আর বেগম জিয়ার কার্যালয় হচ্ছে গণতন্ত্রের প্রতীক’ গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে এসব কথা বলেন হাছান মাহমুদ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তন হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া হচ্ছেন হরর মুভির নায়িকার বাস্তব রূপ। ওনার কার্যালয়ে বহু আগেই তল্লাশি করার প্রয়োজন ছিলো। বরং আদালতের আদেশের প্রেক্ষিতে পুলিশ দেরিতেই তল্লাশি করেছে।’
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘কার্যালয়কে পবিত্র করার জন্য ওই কার্যালয়ের সামনে গিয়ে মানুষ পোড়ানোর কারণে জাতীর কাছে ক্ষমা চান ও মিলাদ শরীফ পড়িয়ে ধোয়ামোছা করেন।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে আদর্শিকভাবে পরাজিত করতে না পেরে হত্যা করা হয়েছিলো। আজকেও শেখ হাসিনার রাজনীতির কাছে পরাজিত হয়ে ও দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অপচেষ্টা করা হচ্ছে।’
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার এমপি, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, আওয়ামী লীগ নেতা এম. এ. করিম।
ইত্তেফাক/সেতু