কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মুনরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিশেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
স্পোর্টস রিপোর্টার
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ২৩ এপ্রিলের মধ্যে সবগুলো দলকেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে। তবে এর ২০ দিন আগেই প্রথম দল হিসেবে বিশ্বকাপ দল ঘোষণা করে নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দলে একটাই চমক। তিনি হলেন অনভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেল। ২৯ বছর বয়সী ব্লানডেল সমপ্রতি ঘরোয়া আসরে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ গড়ে চার ম্যাচে ২৪০ রান করেন।
আন্তর্জাতিক ক্রিকেটেও তার অভিষেক হয়ে গেছে। ২০১৭ সালের জানুয়ারিতে এই বাংলাদেশের বিপক্ষেই টি-টোয়েন্টি দিয়ে তার অভিষেক হয়। যদিও টি-টোয়েন্টিতে এখনো বড় কিছু করতে পারেননি। জাতীয় দলের হয়ে খেলেছেন দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। টেস্টে তিনি বেশ কার্যকর। নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। যদিও মাত্র দুই টেস্টের পরই তিনি কোমরের নিচের অংশের ইনজুরিতে পড়েছিলেন। ব্লান্ডেলকে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষেই ক্রাইস্টচার্চ টেস্টের দলে রাখা হয়েছিল। কিন্তু স্থানীয় মসজিদে সন্ত্রাসী হামলার জের ধরে টেস্টটা শেষঅবধি বাতিলই হয়ে যায়।
ব্লান্ডেলের কপাল খুলেছে টিম সেইফার্টের ইনজুরির সুবাদে। দলে অলরাউন্ডার হিসেবে আছেন কলিন ডি গ্র্যান্ডহোম। গুঞ্জন ছিল, তাকে বসিয়ে রেখে ডগ ব্রেসওয়েলকে নেওয়ার একটা ভাবনা ছিল নির্বাচকদের। তবে সেটা আদৌ হয়নি। গ্র্যান্ডহোমের সাথে আছেন জিমি নিশাম। এছাড়া স্পিনারদের মধ্যে আছেন ইশ শোধি, মিশেল স্যান্টনার। বাংলাদেশের বিপক্ষে সিরিজে লেগ স্পিনার টড অ্যাস্টলকে নির্বাচকরা পরখ করেছিলেন। কিন্তু তিনি বলার মত কিছু করতে পারেননি। পেস বিভাগে আছেন টিম সাউদি, ট্রেন্ড বোল্ট, লোকি ফার্গুসন ও ম্যাট হেনরি। অফফর্মে থাকার পরও কলিন মুনরো’র ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা।
এপ্রিলেই ক্রাইস্টচার্চে দুইদিনের ট্রেনিং ক্যাম্প করবে নিউজিল্যান্ড দল। এরপর ক্যাম্প চলে যাবে অস্ট্রেলিয়ায়। সেখানে তিনটি অনানুষ্ঠানিক ওয়ানডে খেলবে দলটি। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলার কারণে স্কোয়াডের কেউ কেউ এই ক্যাম্পে থাকবেন না।
প্রধান কোচ গ্যারি স্টিড জানালেন, এপ্রিল জুড়ে দলটি তিনটি ট্রেনিং ক্যাম্প করবে। তিনি বলেন, ‘আমরা এপ্রিল জুড়ে তিনটা ট্রেনিং ক্যাম্প করবো। কারণ অনেক খেলোয়াড়কেই আমরা শুরুর দিকে পাবো না। এটা বড় একটা টুর্নামেন্ট। তাই এর জন্য আমরা প্রস্তুতির কোনো কমতি রাখছি না।’