গোপালগঞ্জে আগুন লেগে গার্মেন্টস ও লাইব্রেরিসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা। বুধবার দুপুর সোয়া ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঘোনাপাড়া বাজারের শের আলীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে আটটি মুদি দোকান, দুটি গার্মেন্টস, দুটি খাবার হোটেল, একটি লাইব্রেরি, একটি ইলেকট্রনিক্স দোকান ও একটি চায়ের দোকান ও পুড়ে ভস্মীভূত হয়।
গোপালগঞ্জ ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর নিয়ামুল হুদা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আর্থিক ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা বলেও জানান তিনি।
ইত্তেফাক/জামান