সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, যারা প্রকৃত জ্ঞানে গড়ে উঠেন তারাই আলোকিত হবেন, মানুষ হন। আর এ ধরনের মানুষ আমাদের এখন প্রয়োজন। উন্নত দেশ গড়তে হলে আলোকিত মানুষ চাই। এসময় তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ে উন্নীত করার কথা উল্লেখ করেন।
আজ বুধবার দুপুরে নীলফামারী সরকারি কলেজে অনার্স ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পরীক্ষার ফল কতটা ভালো করলাম, কি গ্রেড পেলাম, এটি নিয়ে ব্যস্ত থাকলে চলবে না।
তিনি বলেন, নির্দিষ্ট প্রশ্ন মুখস্থ করলেই ভালো ফল করা যায়, কিন্তু প্রকৃত জ্ঞানী হওয়া যায় না। প্রকৃত জ্ঞানী হতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে। আর সৃজনশীলতাই মানুষকে জ্ঞানী করে তোলে। বাসস।
ইত্তেফাক/এমআই