টাঙ্গাইলের কালিহাতিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধলাটেঙ্গর নদীতে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো- উপজেলার বিলবর্ণী গ্রামের জহুরুলের মেয়ে প্রেরণা (৭) এবং ঘাটাইল উপজেলার সাগরদীঘি'র রুহুল আমিনের মেয়ে রুমাইয়া (১২)।
এলাকা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই দুই শিশু নানার বাড়ি এসে মায়ের সাথে ধলাটেঙ্গর নদীতে গোসল করতে যায়। গোসল শেষে মা বাড়ী ফিরে এসে পেছনে দুই শিশুকে খুঁজে না পেয়ে নদীতে গিয়ে তাদের ভাসমান লাশ দেখতে পায়।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান