বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) মেজর জেনারেল মঈন উদ্দিন বলেছেন, চাহিদার তুলনায় আরইবি কম বিদ্যুৎ পাচ্ছে বিধায় লোডশেডিং বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কারণে প্রাপ্ত বিদ্যুৎ সমহারে বণ্টন করে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে হবে। আসন্ন রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ, তারাবি, ইফতার ও সেহরির সময় যাতে বিদ্যুৎ পায় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
গত মঙ্গলবার রাজধানীতে আরইবির সদর দপ্তর থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রমজান মাসে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
জিএমদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ সময় লোডশেডিং থাকলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। আবার কেউ যেন এই সুযোগ নিয়ে অন্য কোন ধরনের পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন। এক্ষেত্রে জন সম্পৃক্ততা বাড়াতে হবে। গরমের কারণে চাহিদা বেড়ে গেছে গ্রাহকদের তা বুঝাতে হবে।
ইত্তেফাক/এমআই