‘পটুয়াখালী-গোপালগঞ্জ উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইন নির্মিত হচ্ছে’

দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বৃদ্ধি করতে বড় উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। ফরিদপুর-বরিশাল অঞ্চলের প্রথম ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের কাজ শুরু হবে। পটুয়াখালীর পায়রা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ১৬০ কিলোমিটার দীর্ঘ এ উচ্চ ক্ষমতার ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি নির্মাণ করা হবে। পিজিসিবি’র তত্ত্বাবধানে কোরিয়ার প্রতিষ্ঠান জিএস ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন করপোরেশন লাইনটি নির্মাণ করবে। 
 
বুধবার পিজিসিবি’র প্রধান কার্যালয়ে উভয়পক্ষের মধ্যে এ সংক্রান্ত দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে সঞ্চালন লাইনটি নির্মাণের কাজ শেষ হবে। এ কাজের নির্মাণ ব্যয় ১ হাজার ৪১২ কোটি টাকা। 
 
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পটুয়াখালীর পায়রা, বাগেরহাটের রামপাল ও পাবনার রূপপুরে নির্মাণাধীন ও আসন্ন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ গোপালগঞ্জ হয়ে দেশের বিভিন্ন স্থানে সঞ্চালন করা হবে। এ পরিকল্পনার অংশ হিসাবে পটুয়াখালী-গোপালগঞ্জ ৪০০ কেভি নতুন সঞ্চালন লাইন নির্মাণ করছে পিজিসিবি। লাইনটির প্রতি ফেজে চারটি করে এসিসিসি কন্ডাক্টর ব্যবহারের ফলে এ লাইনের সঞ্চালন সক্ষমতা হবে ৮ হাজার মেগাওয়াট। পায়রা থেকে গোপালগঞ্জ পর্যন্ত লাইন নির্মাণ করতে তিনটি খরস্রোতা নদী পার হতে হবে। সেগুলো হলো- পায়রা, সন্ধ্যা ও সুগন্ধা নদী। লাইনটি নেয়ার জন্য নদীগুলোর উভয়প্রান্তে সুউচ্চ সঞ্চালন টাওয়ার নির্মাণ করা হবে। 
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকউল্লাহ, চৌধুরী আলমগীর হোসেন, মো. এমদাদুল ইসলাম, পরেশ চন্দ্র রায়, কোম্পানির সচিব মো. আশরাফ হোসেন, জিএস ইঞ্জিনিয়ারিং’র ভাইস প্রেসিডেন্ট হো ইয়ুন জ্যাং এবং প্রকল্পটির পরিচালক মৃনাল কান্তি পাল। 
 
ইত্তেফাক/এমআই