দুদকের মামলায় মেয়র মান্নানের জামিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আট সপ্তাহের জামিন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ বুধবার তার আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেন। 
 
গত রবিবার দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে গাজীপুরের জয়দেবপুর থানায় মান্নানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, নিজে লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৭ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৭৫ টাকা ব্যয়ের শর্ত লঙ্ঘন করে বাজেটভুক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প ব্যতীত অন্য খাতে ব্যয় ও অনুদান প্রদান করে দুর্নীতি করা হয়েছে। 
 
এই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান মেয়র মান্নান। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট মো. আবু হানিফ। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। 
 
ইত্তেফাক/এমআই