বার্সেলোনা ৪ :৪ ভিলারিয়াল
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি ও সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে শিরোপাধারী বার্সেলোনা লা লিগায় ৮ গোলের রোমাঞ্চকর এক ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে। দলের কোচ আর্নেস্তো ভালভার্দে ম্যাচ শেষে দলের মেসি নির্ভরতার ব্যাপারটি অকপটে স্বীকার করে নেন।
দিনদুয়েক আগেই ভালভার্দে বলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ নয়, লা লিগাকেই প্রাধান্য দিচ্ছে তার দল। কিন্তু আগামী সপ্তাহে অ্যাটলেটিকো ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কঠিন সূচির কথা মাথায় রেখে মেসি, ইভান রাকিটিচ ও জেরার্ড পিকেকে বিশ্রামে রেখেই মঙ্গলবার ভিয়ারিয়ালের মাঠে ম্যাচটিতে নামে বার্সা।
মূল তারকাদের ছাড়া অবশ্য ফেলিপে কোটিনহো ও ম্যালকমের নৈপুণ্যে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কাতালানরা। কিন্তু এরপর স্যামুয়েল চুকওয়েজি, তোকো একাম্বি, ভিসেন্তে ইবোরা ও কার্লোস বাক্কার গোলে ভর করে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লেখে ‘হলুদ সাবমেরিন’ ভিয়ারিয়াল; যার দু’টি মাঠ থেকেই দেখেছেন বদলি হিসেবে খেলতে নামা মেসি ।
৯০ মিনিটে প্রতিপক্ষ বিপদসীমার একটু বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে ব্যবধান কমান বার্সা অধিনায়ক। এরপর সুয়ারেজের সমতাসূচক গোলটিতেও ছিল মেসির ছোঁয়া। তার নেয়া কর্নার ভিয়ারিয়াল ঠিকঠাক বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় থাকা লুই সুয়ারেজ জালে বল জড়িয়ে দলের এক পয়েন্ট অর্জন নিশ্চিত করেন।
এই নিয়ে তৃতীয় মৌসুমে টানা তিন ম্যাচে ফ্রি কিক থেকে গোল পাওয়া মেসি স্বাভাবিকভাবেই কোচের প্রশংসা কুড়িয়েছেন। ভালভার্দে বলেন, ‘অবশ্যই আমরা মেসি-নির্ভর। হ্যাঁ, এর অস্তিত্ব আছে। সে বিশ্বের সেরা খেলোয়াড়।’
মেসির অনুপস্থিতিতে কোটিনহো ও ম্যালকমদের নিয়ে গড়া আক্রমণভাগ ভিয়ারিয়াল রক্ষণে ত্রাস ছড়াচ্ছিল। তা চোখ এড়ায়নি ভালভার্দেরও। তিনি বলেন, ‘আমাদের জানতে হবে যে, কখন সে (মেসি) খেলছে না। তখন আমরা প্রথমার্ধে যেভাবে খেলেছি সেভাবেই খেলতে হবে। প্রথমার্ধে সেখানে কোনো মেসি নির্ভরতা ছিল না। দল ভালোই খেলছিল এবং সেখানেই ম্যাচটা জেতা উচিত ছিল।’
ম্যাচটিকে কঠিন মানলেও ভালভার্দের ধারণা এটি লিগের বাকি ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগের জন্য বড়সড় শিক্ষাই দিয়ে গেছে। তিনি বলেন, ‘এই ম্যাচটা আমাদের দারুণ সাহায্য করেছে, বিশেষ করে যে ম্যাচগুলো আমাদের সামনে আছে সেগুলোর জন্য। এটা মানুষকে বোঝাতে সক্ষম হবে যে, লিগ খুবই জটিল ব্যাপার। দলগুলো বেশ ভালো আর লড়াই করার মানসিকতা আছে তাদের।’
মৌসুমের কঠিন সময়কে সামনে রেখে দলে আরও উন্নতির জায়গা দেখছেন কোচ ভালভার্দে। তার ভাষায়, ‘ভিয়ারিয়াল খুব ভালো দল এবং আমাদের বেশ অসুবিধায় ফেলেছিল। প্রতিপক্ষরা যেন আমাদের হালকাভাবে না নেয় সেজন্য আমাদের উন্নতি করতে হবে। কারণ আমরা এমন সব দলের বিপক্ষে খেলবো যারা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্যে খেলবে। সেসব দলের বিপক্ষে আপনি এমনটা করতে পারেন না।’
এই ড্রয়ের পরে বার্সেলোনা শীর্ষে থাকলেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমে আটে নেমে এসেছে। শনিবার নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে তাদেরই আতিথ্য দেবে বার্সা।