ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রন্থাগারে ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে নিহত অবিন্তা কবির স্মরণে ‘অবিন্তা কবির সাইবার সেন্টার ও আর্কাইভ’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এটির উদ্বোধন করেন। অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোগে এটি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নিলু রওশন মোর্শেদ, অবিন্তা কবিরের মা রুবা আহমেদ, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, ঢাবি চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন প্রমুখ।
অবিন্তা কবিরের মা রুবা আহমেদ বলেন, অবিন্তার জন্ম বাংলাদেশে এবং তার জীবনের বেশির ভাগ সময় কেটেছে ঢাকাতে। নিজের দেশের প্রতি দায়িত্বের কথা সে বারবার লিখে গেছে। অবিন্তার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে বাংলাদেশে এসে একটি এনজিও খোলা। কিন্তু তার সে স্বপ্ন পূরণ হয়নি।
নিলু রওশন মোর্শেদ বলেন, অবিন্তা শিল্পানুরাগী ছিল। সে শুধু পড়ালেখায় পারদর্শী ছিল না। স্কুলে বাস্কেটবল দলের ক্যাপ্টেন ছিল অবিন্তা। স্বেচ্ছাসেবীদের সেবা করা তার নিয়মিত ব্যাপার ছিল। তিনি সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আর কোনো মা যেনো তার সন্তানকে এভাবে না হারায়।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা অত্যন্ত সম্ভাবনাময় একজন মেয়েকে হারিয়েছি। সে বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিত। কিন্তু দেশকে ভালোবেসে দেশে এসে তাকে জীবন দিতে হয়েছে। দুর্ভাগ্য আমাদের আমরা তাকে রক্ষা করতে পারিনি।
ইত্তেফাক/নূহু