নওগাঁয় ককটেল বিস্ফোরণ, কিশোর আটক

 
নওগাঁর পত্নীতলায় দুইটি ককটেলসহ রাসেল নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে ব্যাগে করে ককটেল নিয়ে যাওয়ার সময় উপজেলার বাসস্ট্যান্ডে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। 
 
এ সময় রাসেলে সঙ্গে থাকা আরো ৬-৭ কিশোর পালিয়ে গেছে। আটক রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে। আটককৃত রাসেল চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশকে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টার দিকে উপজেলার নজিপুর বাসষ্টান্ড এলাকায় দিয়ে ৭-৮ কিশোর হেটে জেলার সাপাহার উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় এক কিশোরের হাত থেকে একটি ব্যাগ পরে গিয়ে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় বাসষ্টান্ড এলাকার নিরাপত্তা প্রহরীরা শব্দ পেয়ে ধাওয়া করে রাসেল নামে এক কিশোরকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে ওই ব্যাগ থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল ও তালা ভাঙ্গার একটি যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। 
 
থানার ওসি মোজাহার হোসেন জানান, পনেরো-ষোলো বছরের এই কিশোররা কেন ককটেল নিয়ে এলাকায় এসেছিল তার ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 
 
ইত্তেফাক/কেকে