রাস্তায় রোবট পুলিশ নামালো দুবাই

দুবাইয়ের রাস্তায় রোবট পুলিশ নামিয়ে দিয়েছে দেশটির পুলিশ বিভাগ। জানা গেছে, এখন থেকে শহরের শপিং মল এবং পর্যটন এলাকাগুলোতে টহল দেবে এই রোবট।
 
দুবাই পুলিশ জানায়, এর মাধ্যমে মানুষ কোনো অপরাধের তথ্য দিতে পারবে, জরিমানা প্রদান করতে পারবে এবং এর বুকে থাকা টাচস্ক্রিন ব্যবহার করে বিভিন্ন তথ্য নিতে পারবে। রোবটের মাধ্যমে সংগৃহীত এই তথ্য পরিবহণ এবং ট্রাফিক পুলিশকেও দেয়া হবে।
IMG0
দুবাইয়ের সরকার বলছে, ২০৩০ সালের মধ্যে পুলিশ বাহিনীর ৩০ শতাংশ রোবটিক করার লক্ষ্য আছে তাদের, তবে সেটা মানুষকে প্রতিস্থাপন করবে না। ‘এই যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের অফিসারদের প্রতিস্থাপন করবো না’ বলেন দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ আল রাজুকি।
IMG1
‘তবে যেহেতু দুবাইতে মানুষের সংখ্যা বাড়ছে, আমরা চাই পুলিশ অফিসাররা যাতে একটি নিরাপদ শহর গঠনের জন্য মনোযোগ দিয়ে কাজ করতে পারে’ বলেও জানান তিনি। এছাড়া, এই উপায় ব্যবহার করে তারা সর্বক্ষণ মানুষকে সেবা দিতে পারবেন। একইসঙ্গে কমান্ড এবং কন্ট্রোল সেন্টারের মধ্যে সারাক্ষণ সংযুক্ত থাকার মাধ্যমে অপরাধ দমনেও এসব রোবট সহায়তা করতে পারবে।
IMG2
পাল রোবটিক্সের তৈরি এই বিশেষ রোবট এসপ্তাহেই গালফ তথ্য এবং নিরাপত্তা মেলায় উপস্থাপন করা হয়। বর্তামানে এটি শুধু ইংরেজি এবং আরবিতে যোগাযোগ করতে পারে, তবে এতে রুশ, চাইনিজ, ফরাসী এবং স্প্যানিশ ভাষাও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আগামী বছর আরো একটি রোবট দুবাই পুলিশ বাহিনীতে যোগ দেয়ার কথা রয়েছে। তবে তা নির্ভর করবে অর্থায়নের ওপর। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু