সহজ ভুলকে দুষছেন সোলসার

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হারের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ চারের লক্ষ্য নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। কোচ ওলেগুনার সোলসার মনে করেন সহজ কিছু ভুলের খেসারত দিয়েই ম্যাচটি হেরেছে তার দল। 

আগের দিন আর্সেনাল জয় নিয়ে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠলেও এদিন ম্যানইউ’র সামনে সুযোগ ছিল জয় নিয়ে টটেনহ্যাম ও গানারদের টপকে শীর্ষ তিনে উঠে যাওয়ার। প্রতিপক্ষের মাঠে ১৩তম মিনিটে স্কট ম্যাকটমিনির গোলে সে পথে ভালোই আগাচ্ছিল সোলসারের শিষ্যরা।

কিন্তু ২৫ মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড ডিয়েগো জটার সমতাসূচক গোলের পর দ্বিতীয়ার্ধে ক্রিস স্মলিং আত্মঘাতী গোল করলে পথ হারায় ম্যান ইউ। এই হারের ফলে পয়েন্ট তালিকায় নড়চড় না হলেও গতকাল রাতে ব্রাইটনের বিপক্ষে চেলসি জিতে থাকলে এক ধাপ নেমে ছয়ে চলে যাবে রেড ডেভিলরা।   আগের ম্যাচে ওয়াটফোর্ডকে হারানোর পর সোলসার জানিয়েছিলেন বাকি সাত ম্যাচ থেকে ১৫ পয়েন্ট অর্জন করতে পারলেই শীর্ষ তিনে থেকে মৌসুম শেষ করতে পারবে তার দল। কিন্তু মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এ নিয়ে চতুর্থ ম্যাচে তৃতীয় হারের কবলে পড়ায় দলটির শীর্ষ চারে শেষ করা নিয়েই সৃষ্টি হয়েছে সংশয়। কিছু সহজ ভুলের কারণেই ম্যাচ হাতছাড়া হয়েছে বলে বিশ্বাস নরওয়েজিয়ান এই কোচের। তিনি বলেন, ‘আমি মনে করি ছেলেরা ভালোই খেলেছে। ১০ জনের দলে পরিণত হবার পরেও দারুণ সুযোগ সৃষ্টি করেছে। আমাদের একজন লালকার্ড দেখার পঁচিশ মিনিট পর তারা প্রথম সুযোগ পেলো এবং তাতেই গোল। ছেলেরা তাদের কর্তব্য ভালোভাবেই পালন করেছে কিন্তু আমরা কিছু বাজে ভুল করেছি এবং গোল করতে ব্যর্থ হয়েছি।’