গাংনীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

 
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেনকে (৩৮) রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভাইয়ের জামাই ও তার লোকজন। এ ঘটনায় কামাল হোসেনের ভাই কফিল উদ্দীন (৪২) মারাত্বকভাবে আহত হয়েছেন। আহত কফিল উদ্দীনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত কামাল হোসেনের ভাই আব্দুল হান্নান জানান, মাত্র দেড় কাঠা রেওয়াজি সম্পত্তি নিয়ে শুকুর আলীর ছেলে শরিফুল ইসলামের সঙ্গে আমার দ্বন্দ্ব চলে আসছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে আলমগীর হোসেনের বাড়ির সামনে বাকবিতন্ড চলছিলো। প্রথম দফায় সামান্য কথা কাটা কাটি ও ধাক্কা হয়। সবাই বাড়ি ফিরে যায়। পরে মেম্বর কামাল হোসেন গাংনী থেকে বাড়ি ফেরার পথে মালেকের ছেলে ও খালেকের ছেলে মাজেদুল ইসলামসহ কয়েকজন তাকে ধারালো অস্ত্র রামদা দিয়ে মাথায় আঘাত করে। এসময় তার ভাই কফিল উদ্দীন ঠেকাতে গেলে তার হাতেও রামদা দিয়ে কোঁপ দেন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া কফিল উদ্দীনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
 
কামাল হোসেন ষোলটাকা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা বলে জানা গেছে।
 
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এমকে রেজা জানান, নিহত কামাল হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে।
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে