সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা মাওলানা সাঈদুর রহমানসহ তিন জনের সাড়ে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত। রাজধানীর কদমতলী থানায় করা মামলায় বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক এ এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
গত ১৮ মে মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত। সাইদুর ছাড়া মামলার অন্য দুই আসামি হলেন আব্দুল্লাহেল কাফী ও আয়েশা আক্তার। রায় ঘোষণার সময় সাঈদুর রহমানকে আদালতে উপস্থিত করা হয়। অন্য দুই আসামী পলাতক রয়েছে
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মে কদমতলী থানার দনিয়া এলাকার একটি বাসায় আসামিদের কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ। পরে মাওলানা সাইদুর রহমানসহ তাঁর সংগঠনের তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এই মামলায় গত ১২ ফেব্রুয়ারি মাওলানা সাইদুরসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
ইত্তেফাক/সাব্বির