দ্য রেইনট্রি হোটেল পরিচালকদের ব্যাংক হিসাব তলব

 
রাজধানীর বনানীতে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় দ্য রেইনট্রি হোটেলের পরিচালকদের ব্যাংক হিসাব তলব করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। ঝালকাঠির রাজাপুর আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের মালিকানাধীন এই হোটেলটির পাঁচ পরিচালকের মধ্যে চারজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে এনবিআর সূত্র জানিয়েছে।
 
গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রিতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের ঘটনার পর ৬মে থানায় মামলা দায়ের করা হয়। এর পরই এই হোটেলটি আলোচনার কেন্দ্রে চলে আসে। হোটেল উদ্বোধনের আগেই ধর্ষণের ঘটনায় দেশব্যাপী তোলপাড় হয়। হোটেলটির পরিচালক হলেন শাহ মো. আদনান হারুন, শাহ মো. নাহিয়ান হারুন, মাহির হারুন, হোমায়রা হারুন ও মনিরা হারুন।
 
এনবিআরের কর অঞ্চল সাত এর ১৩৫ সার্কেল থেকে ৫৬টি ব্যাংকের কাছে এ তথ্য জানতে চাওয়া হয়। আলোচ্য ব্যক্তিদের ব্যাংক হিসাবে (মেয়াদি আমানত, মেয়াদি সঞ্চয়, চলতি ঋণ ও ফরেন কারেন্সি হিসাব; ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সঞ্চয়পত্র) লেনদেনের তথ্য জানাতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/জামান