নীলফামারীর জলঢাকায় দলিল লেখকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় দলিল লেখক সমিতির আয়োজনে জলঢাকা সাব-রেজিষ্টার অফিস চত্ত্বরে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, গত বুধবার রাতে আমাকে জড়িয়ে ও সাব-রেজিষ্টার অফিসের বিরুদ্ধে যেসব অভিযোগ এনে যে বিক্ষোভ সমাবেশ করেছে যুবলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর তা ভিত্তিহীন। তিনি আরও বলেন, আমাকে জড়িয়েও যে অশালীন বক্তব্য দিয়েছে, আজকের প্রতিবাদ সভা থেকে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি।
উল্লেখ্য, গত বুধবার রাতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও তার সমর্থকরা জলঢাকা সাব-রেজিষ্টার অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে তারা স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর তার বক্তব্যে জলঢাকা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জনগনের সামনে তুলে ধরেন। এ সময় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সরকারের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য রাখেন। উক্ত পথসভায় আরও বক্তব্য রাখেন, মশিউর রহমান হিট্টু, জোনাব আলী, এনামুল হক প্রমূখ।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আহম্মেদ হোসেন ভেন্ডার, কোষাধ্যক্ষ রেয়াজুল ইসলাম, নকল-নবীশ সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন প্রমূখ।
এ বিষয়ে জানার জন্য জলঢাকা সাব-রেজিষ্টার(ভারপ্রাপ্ত)মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার তার কর্মস্থলে গিয়ে ও মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু