তেরখাদায় খালের ওপর ব্রিজ নির্মাণে ধীরগতি

জেলায় তেরখাদা উপজেলা সদরের অদূরে জয়সেনা-গাজিরহাট সড়কে চিত্রা খালের উপর ব্রিজ নির্মাণে ধীরগতি হওয়ায় স্থানীয় ছাত্র-ছাত্রী, চাকরিজীবী ও কৃষকদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে কৃষক মহলের মৌসুমী ইরি-বোরো ধান নিয়ে মাত্র এক কিলোমিটার পথ যেতে পাঁচ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। ব্রিজ ভেঙে ফেলার কারণে খালের উপর বাঁশের চটা দিয়ে যাতায়াত ব্যবস্থা করা হয়। যা কয়েকদিন যাওয়ার পরই ভেঙে যায়।

 

সরেজমিনে দেখা যায়, বর্তমানে বিকল্প ওই পাশের চটার উপর দিয়ে পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়া বৃষ্টি হলেও যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। এ সড়ক দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রী চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার লোকজন ভ্যান, রিকশা,  মোটর সাইকেল যোগে চলাচল করে। ভ্যানভর্তি মালামাল এবং ইরি-বোরো ধানভর্তি ট্রলি বা অন্যান্য বাহন নিয়ে এক কিলোমিটার পথ পাড়ি দিতে এখন পানতিতা মাদ্রাসা ঘুরে পাঁচ কিলোমিটার পথ ঘুরে জয়সেনা-পানতিতায় আসতে হচ্ছে।

 

এ এলাকার অনেক কৃষক কাটেঙ্গা বিলে এবং তেরখাদা বিলে ইরি-বোরো ধান চাষ করছে। এখন এসব বিলের পাকা ধান কেটে কৃষক মহল চরম বিপাকে পড়েছে। এরফলে চলতি মৌসুমে বৃষ্টির কারণে শ্রমিক লাগছে বেশি, শ্রমিকের মজুরিও দিতে হচ্ছে বেশি। তারপর আবার পাঁচ-সাত কিলোমিটার পথ ঘুরে আসতে ট্রলি-ভ্যান ভাড়া অতিরিক্ত গুনতে হচ্ছে। এ যেন কৃষকদের ওপর ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।

 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ব্রিজের অপর অংশের কাজের টেন্ডার হয়ে গেছে। খুব দ্রুত বাকি অংশের কাজ শুরু হবে।

ইত্তেফাক/নূহু