মসুলে ১০৫ বেসামরিক লোক নিহতের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

ইরাকের সংঘাতপূর্ণ মসুল নগরীতে গত মার্চে চালানো মার্কিন বিমান হামলায় কমপক্ষে একশ’ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে ওয়াশিংটন। বার্তা সংস্থা- এএফপির খবরে এমনটি জানানো হয়েছে। 
 
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) দু’জন গুপ্তঘাতকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছিল।
 
সেন্টকম আরো জানায়, যে ভবনে বিমান হামলা চালানো হয় সেখানে জঙ্গিরা আগ্নেয়াস্ত্র রাখায় সেগুলোর বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবন ধসে পড়ায় সেখানে থাকা অনেক বেসামরিক নাগরিক নিহত হয়।
IMG0
এদিকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি শহরে বৃহস্পতিবার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, দির ইজর প্রদেশের আইএস নিয়ন্ত্রিত মায়াদীন শহরে এ বিমান হামলা চালানো হয়।
IMG1
তারা আরো জানায়, নিহতদের মধ্যে শিশুসহ আইএস যোদ্ধাদের পরিবার রয়েছে। এছাড়া ইরাকে মার্চের হামলায় নিহতদের মধ্যে পার্শ্ববর্তী অপর এক স্থাপনায় থাকা চার বেসামরিক নাগরিকও রয়েছে বলে জানাচ্ছে সেন্টকম।
IMG2
প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী ওই ভবনে আরো ৩৬ জন বেসামরিক নাগরিক ছিল। তবে মার্কিন কর্তৃপক্ষ জানায়, প্রত্যক্ষদর্শী সূত্রের দাবি অনুযায়ী এসব বেসামরিক নাগরিকের পক্ষে জোরালো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এর আগে সেন্টকম জানিয়েছিল ইরাকি নিরাপত্তা বাহিনীর অনুরোধে তারা সেখানে এ বিমান হামলা চালায়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু