ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৬

ভারতে পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার দেশটির পুলিশ একথা জানায়।
 
জানা গেছে, বিহার নগরীর রাজধানী পাটনার প্রায় ৫৯ কিলোমিটার দক্ষিণে নালান্দা জেলার হার্নাউতে বৃহস্পতিবার সন্ধ্যায় চলন্ত ওই বাসে আগুন ধরে যায়।
 
পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘গত সন্ধ্যায় নালান্দা জেলায় হঠাৎ একটি বাসে আগুন ধরে গেলে আটজন যাত্রী নিহত ও অপর ১৬ জন আহত হয়। নিহতদের মধ্যে সাতজন বয়স্ক ও এক শিশু রয়েছে।’
 
আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের পাটনায় পাঠানো হয়েছে। অপর ছয়জনকে বিহারের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি মামলা দায়ের করে ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু