পান্থপথের একটি প্রতিষ্ঠান থেকে ২৫ জামায়াত কর্মী আটক

রাজধানীর পান্থপথে হক চেম্বার নামে একটি ভবন থেকে সন্দেহভাজন ২৫ জামায়াত ইসলামীর কর্মীকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। 
 
শুক্রবার দুপুরে হক চেম্বারের ৭ম তলায় অবস্থিত প্রফটেক নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার থেকে তাদেরকে আটক করা হয়।
 
আটকের তথ্য দিয়ে শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস বলেন, তিন মাস আগে হক চেম্বারের ৭ম তলায় ঐ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তারা সেখানে কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনার ওপর প্রশিক্ষণ দিয়ে থাকেন। কিভাবে সরকার প্রধান ও অন্যান্য মন্ত্রীদের ছবি বিকৃতি করে ইন্টারনেটের মাধ্যমে সরকার বিরোধী কার্যকলাপ প্রচারণা চালানো যায়- সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া শিবিরের ১৫০ জন কর্মীকে সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। 
 
ওসি আরও বলেন, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অভিযোগ তদন্ত করার পর শুক্রবার দুপুরে অভিযান চালানো হয়। অভিযানে ওই প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা ও প্রশিক্ষককে আটক করা হয়। তারা সকলেই জামায়াত ইসলামীর কর্মী। শুক্রবার দুপুরে তারা সরকার বিরোধী একটি গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হবে। 
 
এসব অভিযোগের ব্যাপারে আটককৃত ২৫ জন সাংবাদিকদের জানান, তারা ষড়যন্ত্রের শিকার। তারা প্রফটেক প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকেন। সরকার বিরোধী কোন কার্যকলাপের সঙ্গে তারা জড়িত নয়। 
 
ইত্তেফাক/সিপু/পাভেল