নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে জলঢাকা শহরের পেট্রোলপাম্প মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন-ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের হায়দার আলীর ছেলে লোকমান হোসেন (২৫)। আহতরা হলেন-শাহানুর ইসলাম, রুবেল, রিয়াদ, সানোয়ার, সালমা ও সহিদুল ইসলাম।
নিহতদের স্বজনরা জানান, রফিকুল ইসলাম দুবাইয়ে থাকেন। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় আসেন। ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পথে জলঢাকায় দুর্ঘটনাটি ঘটে।
জলঢাকা থানার এসআই মিজানুর রহমান মিজান জানান, শহরের পেট্রোলপাম্প এলাকায় ঢাকা থেকে ডিমলামুখী একটি মাইক্রোবাস সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসের ভেতর থেকে দুইজনকে নিহত ও ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি