ছাগলনাইয়ায় বখাটেদের বিরুদ্ধে ইভটিজিংয়ের মামলা করায় কলেজছাত্রী ও তার পিতাকে থানা গেটের সামনে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাগলনাইয়া থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিন (৩০) নামে এক যুবক গ্রেফতার করেছে।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার পূর্ব দেবপুর গ্রামের ওই কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের বাচ্চু মিয়ার ছিলে রিপুল (২৮) কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। এ ঘটনায় ওই কলেজছাত্রীর পিতা আজম সম্প্রতি ইভটিজিংয়ের প্রতিবাদ করে সামাজিকভাবে বিচার চায়। এতে ক্ষিপ্ত হয়ে রিপুল তার সহযোগীদের নিয়ে বৃহস্পতিবার রাতে ওই কলেজছাত্রীর বাড়িতে হামলা করে। এ ব্যাপারে কলেজছাত্রী বাদী হয়ে শুক্রবার সকালে ছাগলনাইয়া থানায় রিপুল, নাজিম ও রকিবসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলা দায়ের করে বাড়ি ফেরার পথে থানা গেটের সামনে রিপুল ও তার সহযোগীরা কলেজছাত্রী ও তার বাবাকে পিটিয়ে আহত করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছাগলনাইয়া থানার উপপরিদর্শক মো. ফারুক মিয়া জানান, আসামিরা ওই কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতো এবং তার বাড়ি ঘরে হামলা করে। মামলা করে বাড়ি ফেরার পথে কলেজছাত্রী ও তার বাবাকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/ইউবি