বিশেষ অভিযানে হেলমেট কিনতে বাধ্য করছে পুলিশ!

 
‘হেলমেট ব্যবহার করুন, না থাকলে কিনে নিন’ আহ্বান জানিয়ে মোটরসাইকেল চালকদের সচেতন করতে মাঠে নেমেছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা পুলিশ। শনিবার রায়পুর-লক্ষ্মীপুরে সড়কের টিএনটি অফিসের সামনে বিশেষ অভিযানে হেলমেটবিহীন শতাধিক চালককে হেলমেট কিনে নিয়ে পরতে বাধ্য করেছে পুলিশে। এছাড়াও গত দুইদিনে রেজিস্ট্রেশন ও কাগজ-পত্রহীন প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করে। পরে ব্যাংকে টাকা জমার রশিদ দিয়ে মোটরসাইকেল নিয়ে যায় তারা।
 
পুলিশ সূত্র জানায়, হেলমেট ব্যবহারে সবাইকে সচেতন করতে শনিবার সকালে থানার তিনজন এসআই ও দু’জন এএসআইয়ের নেতৃত্বে রায়পুর থানা পুলিশ হেলমেট ব্যবহার না করে মোটরসাইকেল চালানোর অভিযোগে প্রায় শতাধিক ব্যক্তিকে আটক করে। সেখানে মোটরসাইকেল আরোহীদের কাছে হেলমেট বিক্রিরও ব্যবস্থা রাখা হয়। দুপুর একটা পর্যন্ত এ অভিযান চলে। দুর্ঘটনায় জীবন বাঁচাতে চালকদের হেলমেট পরার বিষয়ে বিভিন্ন সময় প্রচারণা চালানো হলেও তা কাজে আসেনি। চালকেরা যাতে হেলমেট পরতে বাধ্য হন, সে জন্য এ অভিযান চালায় পুলিশ।
 
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, অনিরাপদ চলাচল ঠেকাতে ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে এ অভিযান চলবে। হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনা ঘটলে অন্তত প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে।
 

ইত্তেফাক/এএম।