সালমান খান, জীবনে সব রকমের স্বাদ নিয়েছেন এখন পর্যন্ত। প্রথমদিকে সিনেমা যেমন হিট হয়েছিল, তেমনি ২০০৫-০৬ সালের পর কিছু সিনেমা ব্যাপকভাবে মুখ থুবড়ে পড়ে। পরে আসামী হয়ে জেল খেটেছেন, আবার মুক্তিও পেয়েছেন। তবে এখন তার ক্যারিয়ার জীবনের সবচেয়ে ভাল সময়টা কাটছে নিঃসন্দেহে।
জেল জীবন কেমন ছিল সালমানের, ভক্তরা তার জন্য কতটুকুই অধীর ছিলেন কিংবা সালমানের অনুভূতি সে সময় কেমন ছিল-প্রশ্নগুলো থেকেই যায়। যার কিছু উত্তর সালমান মাঝে মাঝে দেন।
সম্প্রতি মুক্তি পেল তার আসন্ন ছবি ‘টিউবলাইট’র ট্রেলার। সেই অনুষ্ঠানে নিজের জীবনের অন্ধকার দিনের কথা প্রকাশ্যে শেয়ার করলেন ভাইজান। এত দিনে দু’বার জেলে কাটাতে হয়েছে সালমানকে। সে সময় তার সঙ্গে দেখা করতে জেলের ভিতরে গিয়েছিলেন তার বাবা, মা ও চাচা।
অনেক দিন পর সালমানকে দেখেই নাকি কাঁদতে শুরু করতেন চাচা। ভাইজানের বাবা নাকি তখন পরিস্থিতি সামলেছিলেন। সালমান বলেন, ‘বাবা, মা ও চাচা সে সময় আমাকে জেলের ভিতর দেখতে গিয়েছিলেন। অনেকদিন পর চাচার সঙ্গে দেখা হয়েছিল। চাচা জানতে চেয়েছিলেন, কেমন আছ? বলেছিলাম, ভালই। ওয়ান বেডরুম সুইট। সেটা শুনেই চাচা কাঁদতে শুরু করেছিলেন। বাবা তখন কাকাকে বাইরে নিয়ে যান।’
নিজের জীবনের অন্ধকার দিনগুলোর কথা হালকা মেজাজেই শেয়ার করেছেন সালমান। আপাতত তিনি সে সব পেরিয়ে এসেছেন। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর