ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গুলিবিদ্ধ ঠোঁট কাটা দুলাল মিয়া (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকল ৯টার দিকে আখাউড়া-কসবা সড়কের উপজেলার মনিয়ন্দ হাই স্কুলের সামনের পুকুর থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত দুলাল মিয়া হলেন কসবা উপজেলার শিমরাইল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।
পুলিশ বলছে, তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নবীনগর থানায় ও কুমিল্লার মুরাদনগর থানায় ১১টি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে। একটি মাদক মামলায় তার দুই বছরের সাজা হয়েছে।
নিহত দুলাল মিয়ার পরিবারের দাবি, তিনি একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলায় আদালত থেকে জামিন নিয়েছে।
নিহত দুলালের স্ত্রী হালিমা বেগম জানান, তার স্বামীকে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ বাড়ি থেকে তুলে আনে। কসবা ও ব্রাহ্মণবাড়িয়া থানায় খোঁজ করে তার সন্ধান পায়নি। পরে জানতে পারলাম আখাউড়া থানায় তার স্বামীর লাশ রয়েছে।
তিনি জানান, তার স্বামী একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে মামলা থাকলেও বর্তমানে তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন তরফদার বলেন, নিহত দুলাল একজন মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে তিনটি থানায় মাদকসহ ১২টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত দুলালের নিজ গ্রুপের অর্ন্তদ্বন্দ্বের কারণে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার বুকে চারটি গুলির চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/কেকে