সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এক তাইওয়ানিজ নাগরিককে গ্রেফতার করেছে চীন। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এমনটি জানানো হচ্ছে।
তাইওয়ান সরকার জানায়, লি মিং চে নামের ৪২ বছর বয়সী ওই এনজিও কর্মী ম্যাকাউ থেকে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী ঝুহাইয়ে প্রবেশ করে। ১৯ মার্চ থেকে তিনি নিখোঁজ হন। শুক্রবার চীনের কর্মকর্তারা সিনহুয়াকে জানায়, তাকে আটক করা হয়েছে।
তাইওয়ান বিষয়ক স্টেট কাউন্সিল অফিসের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, ‘লি মূল ভূ-খণ্ডের কয়েকজন অধিবাসীর সঙ্গে সরকার উৎখাতের ব্যাপারে গোপন আঁতাত করেন ও অবৈধ সংগঠন গড়ে তোলেন এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন।’
IMG0
ওই মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘জিজ্ঞাসাবাদের পর লি ও তার সংগঠনের সদস্যরা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন।’
জানা গেছে, লি তাইপের একটি কমিউনিটি কলেজের ছাত্র। দীর্ঘদিন ধরেই তিনি এক্টিভিস্ট কর্মী হিসেবে সুশীল সমাজের পক্ষে কাজ করে আসছেন। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু