গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার জানান, সিলেট থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরে যাচ্ছিলো। বাসটি ওই এলাকায় পৌঁছুলে বিপরীতগামী অপর একটি বাস ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। খাদে পড়া বাসটি উদ্ধারে গোবিন্দগঞ্জের সার্ভিস কাজ করছে।
ইত্তেফাক/জামান