নাসিরের সেঞ্চুরি ও রনির দুর্দান্ত বোলিং বড় জয় গাজীর

প্রথমে নাসির হোসেনের ১৩৪ রান এবং পরে পেসার আবু হায়দার রনির ৬ উইকেট শিকারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগে বড় জয়ের স্বাদ পেলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে আজ গাজী ১৭৭ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। 
 
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গাজী। ভালো শুরু করতে না পারলেও মোমিনুল হক ও নাসিরের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয় গাজী। মোমিনুল ৬১ বলে ৬৬ রানে ফিরলেও সেঞ্চুরির স্বাদ নেন সদ্যই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষ করে আসা নাসির। ৭টি চার ও ৬টি ছক্কায় ১১৩ বলে ১৩৪ রান করে ইনিংসের একদম শেষের দিকে আহত অবসর হন নাসির। এ ছাড়া শেষ দিকে ভারতীয় গুরকিরাত সিং ৬০ বলে ৭৪ রান করলে ৫ উইকেটে ৩৫০ রানের বিশাল সংগ্রহ পায় গাজী।
 
জবাবে গাজীর বাঁ-হাতি পেসার আবু হায়দার রনির বোলিং তোপে ১৭৩ রানেই গুটিয়ে যায় শেখ জামাল। রনি ৮ ওভারে ৩৫ রানে ৬ উইকেট শিকার করেন। শেখ জামালের পক্ষে জিয়াউর রহমান ২৯ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন গাজীর নাসির। 
 
সুপার লিগের প্রথম রাউন্ডে মোহামেডানের কাছে ৭ রানে হেরেছিলো গাজী। আর প্রাইম দোলেশ্বরের কাছে বৃষ্টি আইনে ৪০ রানে হেরেছিলো শেখ জামাল। বাসস।
 
ইত্তেফাক/রেজা