'ভাষা আন্দোলন ছিল বাঙালির মুক্তির টার্নিং পয়েন্ট'

 
জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, '৪৮ ও ৫২-র ভাষা আন্দোলন ছিল বাঙালির মুক্তির লক্ষ্যে জাতীয় জাগরণের দীর্ঘ পথপরিক্রমায় এক টার্নিং পয়েন্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এর চূড়ান্ত পরিণতি।'
 
তিনি বলেন, 'বাঙালির অসাম্প্রদায়িকতা, সমন্বয়, সমতা ও সম্প্রীতির সত্তা বা আদর্শকে আমাদের সাহিত্য চেতনার মর্মমূলে স্থান করে দিয়েছে। এ দুটো যুগসৃষ্টিকারী ঘটনা নিয়ে অনেক সাহিত্য-চর্চা হলেও, এ বিষয়ে আমাদের আরো অধিক সাহিত্য-কর্ম থাকা বাঞ্ছনীয় ছিল।' 
 
গাজীপুরস্থ একাডেমিক ভবনের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় বাংলা বিষয়ের ওপর শনিবার প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তৃতায় ভিসি এসব কথা বলেন।
 
দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর, প্রফেসর ড. মো: আব্দুল মালেক এবং দ্বিতীয় অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সফিউদ্দিন আহ্মেদ। এতে আলোচক ছিলেন ড. তাহ্মিনা বেগম, অধ্যাপক হায়াৎ মামুদ, অধ্যাপক আহমদ কবির ও  অধ্যাপক মোরশেদ শফিউল হাসান।
 
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনসহ বাংলা বিষয়ের ২৫জন কলেজ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
 
ইত্তেফাক/জামান