সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতী ছবির শুটিং করতে গিয়ে আহত অভিনেতা রণবীর সিং। ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করতে গিয়ে মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে রণবীরের। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। মাথায় সেলাই হয়। তবে নিজের কাজ নিয়ে এতটাই মগ্ন ছিলেন যে, মাথা ফাটলেও বুঝতে পারেননি এই অভিনেতা। দৃশ্যটির শুটিং শেষ হওয়ার পর মাথা ফাটার ঘটনাটি বুঝতে পারেন তিনি। দেখেন, রক্ত পড়ছে। তখনই তাঁকে নিকটবর্তি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়।
রণবীরের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, মাথায় সেলাই পড়ার পরও বিশ্রাম নেননি রণবীর। হাসপাতাল থেকে ফিরে কাজ শুরু করে দেন। শুটিং সিডিউল মেনে কাজ সম্পূর্ণ করেন।
শুটিং সেটে রণবীরের আহত হওয়ার ঘটনা এই প্রথমবার নয়। ২০১৫ সালে বাজিরাও মস্তানি ছবির শুটিং করার সময় ঘোড়া থেকে পড়ে গেছিলেন তিনি। তবে জখম হননি।
পরের দিন টুইট বার্তায় লিখেছিলেন, আমি ভালো আছি। পুরুষ মানুষের ব্যথা হয় না। আর বড় বড় ছবিতে এসব ছোটোখাটো বিষয় হতেই পারে।
এদিকে শুটিং শেষ করে দুই সপ্তাহের জন্য ইংল্যান্ডে উড়ে গেছেন বাজিরাও। সেখানে তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচ দেখেবেন। সে সঙ্গে ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচও আছে।
ইত্তেফাক/রেজা