বিএনপিকে নিয়ে আতঙ্কে আছে সরকার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার চরম আতঙ্ক উৎকণ্ঠায় ভুগছে। খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করায় আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে।
 
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির নিন্দা ও প্রতিবাদ সভায় তিনি এ সব কথা বলেন।
 
যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের সঞ্চালনায় সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুবদলের ঢাকা মহানগর (উত্তর) সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, যুবদলের ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু প্রমুখ।
 
মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার দেশের সকল কিছু নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকার বেআইনি ও অনৈতিক।  তাদের রাষ্ট্র পরিচালনা করার অধিকার নেই। সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সকল সম্ভাবনা বিনষ্ট করে দিচ্ছে।
 
এদিকে বিএনপির নেতাকর্মীদের আরো একটি যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
 
শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সংগঠনের সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রবিনকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।
 
মির্জা আব্বাস বলেন, ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে আরো একটি যুদ্ধ করবো, আমরা সফল ভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি সম্পূর্ণ করেছি, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর এ যুদ্ধ হবে রাজনীতির মাঠে ভোটের ও রাজনৈতিক যুদ্ধ।’
 
ইত্তেফাক/ইউবি